ঝালকাঠির নলছিটিতে ওয়ারেন্টভুক্ত আসামি ও দপদপিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় মামলাটি দায়ের করে। এতে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- জাহাঙ্গীর মৃধার ছেলে রাকিব মৃধা (২৫) ও রুবেল মৃধা (৩০), মজিবুর রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), নূর মোহাম্মদের ছেলে সেলিনা বেগম (৫৫), মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৭), মৃত মালেক মৃধার ছেলে রাশেদ মৃধা এবং মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮)। তারা সবাই দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা।
নলছিটি থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে পিকআপ ভ্যান ভাঙচুর করে তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। হামলায় নলছিটি থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।



