মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে ‘চালাকি’ ও ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তেহরান হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর শনিবার (১৮ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, গত প্রায় ৪৭ বছর ধরে ইরান নানা কৌশল অবলম্বন করে আসছে এবং এবারও তারা একই ধরনের ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানান, হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। তার ভাষায়, ইরান বহু বছর ধরেই এই জলপথকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র এমন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
তবে কঠোর অবস্থানের পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের দিকেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে তার ধারণা।
দিন শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলেও গণমাধ্যমকে আশ্বস্ত করেন তিনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য একদিকে যেমন তেহরানের ওপর চাপ বজায় রাখার বার্তা দেয়, অন্যদিকে কূটনৈতিক আলোচনার পথও খোলা রাখে।
সূত্র: দ্য গার্ডিয়ান



