মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি বাস্তবায়িত হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। লাস ভেগাসে রওনা হওয়ার আগে হেলিকপ্টারে ওঠার সময় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখন বেশ জোরালো।
ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে সেখানে যেতে তিনি প্রস্তুত।
চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। তবে সেই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফা বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, যা আবারও পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।
তথ্যসূত্র: এএফপি



