ক্যামেরুন সফরে গিয়ে বিশ্ব রাজনীতি ও চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন পোপ লিও। তিনি বলেছেন, অল্প কয়েকজন স্বৈরশাসকের কর্মকাণ্ড গোটা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোপকে আক্রমণ করার কয়েক দিন পরই এ মন্তব্য করেন তিনি।
ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহরে আয়োজিত এক বৈঠকে পোপ লিও যুদ্ধপ্রবণ নেতাদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কিছু নেতা ধর্মীয় ভাষা ব্যবহার করে যুদ্ধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
প্রায় এক দশক ধরে চলা সংঘাতে হাজারো মানুষের প্রাণহানির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের নায়কেরা এমন ভান করে যেন তারা কিছুই জানে না— অথচ ধ্বংস করতে লাগে মাত্র এক মুহূর্ত, কিন্তু পুনর্গঠনে লেগে যায় পুরো একটি জীবন।
তিনি আরও বলেন, বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে হত্যা ও ধ্বংসযজ্ঞে, অথচ চিকিৎসা, শিক্ষা ও পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায় না।
বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে পোপ লিও বলেন, এখনই সময় ‘দৃঢ় পরিবর্তনের পথে’ এগিয়ে যাওয়ার।



