বর্তমান সরকার জনগণের কাছে সম্পূর্ণ দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই এ সরকার জনগণের প্রতিই দায়বদ্ধ। জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই—আমি সে আশ্বাস দিতে চাই।”
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সংকট মোকাবিলায় রাষ্ট্রীয় অনুষ্ঠানে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং পারিবারিক পর্যায়ে অপচয় এড়িয়ে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সৃষ্ট জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেল ও ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সরকার এখনো সেই সিদ্ধান্ত নেয়নি। বরং প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, “জাতীয় ইতিহাসে যেসব মহান নেতার অবদান রয়েছে, তাদের যথাযথ সম্মান না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”
অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশ ও জনগণের জন্য আপনাদের অসামান্য অবদান জাতিকে সমৃদ্ধ করবে। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।”



