লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এবার ইসরায়েলের বিভিন্ন স্থানে দফায় দফায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এসব হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, ইসরায়েলি সামরিক ঘাঁটি ও বসতিগুলোকে লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়েছে। খবর আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের মিসগাভ আম বসতি, কাফার গিলাদি এলাকার সামরিক ঘাঁটি এবং জারিট ব্যারাককে লক্ষ্য করে ধারাবাহিকভাবে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
হিজবুল্লাহর দাবি, এসব হামলায় লক্ষ্যবস্তু এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু স্থানে ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে গোষ্ঠীটি জানায়, মধ্যরাতে উত্তর ইসরায়েলের দুটি শহরে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে হামলা চালানোর জবাব হিসেবেই এই আক্রমণ করা হয়েছে বলে দাবি করা হয়।
হিজবুল্লাহর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাত ১টা ২০ মিনিটে কিরিয়াত শমোনা শহর এবং রাত ২টা ৪৫ মিনিটে ডোভিভ বসতিতে রকেট হামলা চালানো হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান, বসতি ও অবকাঠামো লক্ষ্য করে মোট ৪৩টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।



