দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এ কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
European-Mediterranean Seismological Centre জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর অঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তি হয়। এর প্রভাব সিলেটসহ বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়।
এর আগে গত ৭ এপ্রিল একই অঞ্চলে ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেদিন বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে কম্পনটি অনুভূত হয় এবং সিলেটসহ আশপাশের এলাকাগুলোতে এর প্রভাব পড়ে।
সর্বশেষ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এ কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষ আহত হন।



