বিএনপি আগের শাসনামলের মতো শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ‘মাগুরা মার্কা’ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, এসব অনিয়ম অতীতের ঘটনাকেও ছাড়িয়ে গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীতে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অনিয়ম, ভোট ডাকাতি এবং নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ থেকে বিএনপিকে হুঁশিয়ারিও দেন জামায়াতের এই নেতা।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিএনপি অতীতের ‘মাগুরা মার্কা’ নির্বাচনের পুনরাবৃত্তি করেছে। তিনি অভিযোগ করেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান এবং প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর হামলার মতো ঘটনা নজিরবিহীন এবং তা পূর্ববর্তী সময়কেও ছাড়িয়ে গেছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে জয়ী হলে তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার গঠনের পর সেই অবস্থান থেকে সরে এসেছে। তার ভাষায়, এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যদি গণভোটে জনগণের রায় মেনে নিতে না পারেন, তবে তাদের অবস্থান স্পষ্ট করা উচিত। তার দাবি, জনগণের বিপুল সমর্থনে গণভোটে গৃহীত সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপি রাজনৈতিকভাবে ভুল পথে হাঁটছে।
বিএনপিকে সতর্ক করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। চলমান রাজনৈতিক সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
সমাবেশ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর গোলচত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফল বাতিলের দাবি জানান এবং অভিযোগিত অনিয়মের প্রতিবাদ জানান।



