বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে।
ওয়াকআউটের আগে সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন বিরোধীদলীয় নেতা।
ওয়াকআউটের সময় ডা. শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম।”
এর আগে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ আনেন।
জানা গেছে, বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা ভঙ্গ করে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাস করাকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ বিতর্কের জের ধরেই এ ওয়াকআউটের ঘটনা ঘটে।
সংসদে প্রবল আপত্তি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করা হলে এর প্রতিবাদে প্রধান বিরোধী দল অধিবেশন বর্জন করে। বিলটি পাস হওয়ার পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
এ নিয়ে চলতি অধিবেশনে চারবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে গতকালও সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল।



