নতুন করে আশঙ্কার বার্তা দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র-ইরানের ঘোষিত যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক চাপ ও মধ্যস্থতাকারী পাকিস্তানের উদ্যোগ সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির শর্ত মানতে অনাগ্রহ দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ সতর্ক করে জানিয়েছে, চলমান চুক্তি ভেস্তে যেতে পারে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতিতে লেবানন ফ্রন্টকে অন্তর্ভুক্ত না করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে।
হিজবুল্লাহর পার্লামেন্ট সদস্য ইব্রাহিম মুসাবি বলেন, চুক্তিতে হিজবুল্লাহ-ইসরায়েল ফ্রন্ট অন্তর্ভুক্ত রয়েছে বলেই তারা মনে করেন। তবে ইসরায়েল যদি তা না মানে, তাহলে ইরানসহ পুরো অঞ্চল থেকে কঠোর জবাব আসতে পারে, যা আগের যেকোনো প্রতিক্রিয়ার চেয়ে ভয়াবহ হবে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়ে ইসরায়েল জানিয়েছে, এই যুদ্ধবিরতি কেবল ইরান ফ্রন্টে কার্যকর হবে, লেবাননে নয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলের এই একতরফা অবস্থানের মধ্যেও হিজবুল্লাহ জানিয়েছে, তারা আপাতত দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে চলবে। তবে আইডিএফ সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যেকোনো ঘটনার জবাবে তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে প্রস্তুত।
এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় বুধবার ভোরে ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২২ জন। এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।



