ইরানকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, কোনো দেশ ইরানকে সামরিক অস্ত্র দিলে সেই দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
বুধবার আলজাজিরার এক প্রতিবেদনে ট্রাম্পের এই বক্তব্য তুলে ধরা হয়।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে সামরিক সহায়তা প্রদানকারী কোনো দেশের জন্যই এই শুল্ক আরোপ থেকে কোনো ছাড় বা ব্যতিক্রম থাকবে না। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে তাদের সব ধরনের রপ্তানি পণ্যের ওপরই তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
একই সময়ে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির বিষয়ে কিছু অগ্রগতি হচ্ছে। তবে সেই সম্ভাবনার মধ্যেই তেহরানের মিত্র ও অংশীদার দেশগুলোর প্রতি কঠোর বার্তা দিলেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ ধরনের হুঁশিয়ারি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যেসব দেশ ইরানের সঙ্গে সামরিক সহযোগিতায় জড়িত, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের ঝুঁকিতে পড়তে পারে।



