বিশ্বের প্রভাবশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করেছে ইরান। শুক্রবার এ দাবি ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি আংশিক স্বীকার করেছেন। ঘটনায় দুই পাইলটকে উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে তৎপর রয়েছে তেহরান। একই সঙ্গে নিখোঁজ পাইলটদের উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী ইরানে প্রবেশ করেছে বলে জানা গেছে।
প্রথম ভূপাতিত বিমানটি ছিল দুই আসনের একটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল। এটি ইরানের ভেতরে বিধ্বস্ত হলে দুই ক্রু প্যারাশুটে বেরিয়ে আসেন। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ। তবে উদ্ধার হওয়া ব্যক্তি পাইলট নাকি অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা—তা নিশ্চিত হওয়া যায়নি।
দ্বিতীয় বিমানটি ছিল এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান, যা কুয়েতের আকাশে আঘাতপ্রাপ্ত হয়ে বিধ্বস্ত হয়। এর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
নিখোঁজ পাইলটকে খুঁজতে গিয়ে অংশ নেওয়া দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ইরানের হামলার মুখে পড়ে। তবে সেগুলো ইরানের আকাশসীমা ত্যাগ করতে সক্ষম হয় বলে রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউস বা পেন্টাগন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্টকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এফ-১৫ হারানো ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, “না, একেবারেই না। এটা যুদ্ধ।”
ঘটনাটি এমন এক সময় ঘটল, যখন এক সপ্তাহ আগেই ট্রাম্প দাবি করেছিলেন—ইরানের সামরিক সক্ষমতা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় নির্বিঘ্নে উড়োজাহাজ পরিচালনা করতে পারছে।
ইরানের ঘোষণা: পাইলট ধরলে পুরস্কার
ইরানের একটি স্থানীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, কেউ যদি মার্কিন পাইলটকে জীবিত আটক করতে পারে, তবে তাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে। দেশটির এক গভর্নরও ঘোষণা দিয়েছেন, ‘শত্রু বাহিনীর সদস্যদের’ আটক বা হত্যা করতে পারলে পুরস্কৃত করা হবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি এলাকায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছে, যেখানে বিমানটি ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের ক্বালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ কৌশলকে কটাক্ষ করে বলেছেন, এই যুদ্ধ এখন ‘শাসন ব্যবস্থা পরিবর্তন’ থেকে নেমে এসে পাইলট খোঁজার পর্যায়ে পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি ব্যঙ্গ করে লেখেন, “ইরানকে বহুবার হারানোর দাবি করার পর এখন তারা এমন এক অবস্থায় এসেছে, যেখানে প্রশ্ন—‘কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দিতে পারবে?’—এটাই নাকি তাদের অগ্রগতি!”



