tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্রতর হচ্ছে

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা তীব্রতর হচ্ছে

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৯২তম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালানো হয়েছে। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়।

আইআরজিসির দাবি, হামলার শুরুতেই একটি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবতরণযান কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া বাহরাইনে অবস্থিত একটি রাডার সিস্টেম ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে। হাইফার কাছাকাছি রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে তারা। তাদের ভাষ্য অনুযায়ী, তেল আবিবসহ বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়া ইরানের আকাশে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি, যা ১২ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনার ইঙ্গিত দেয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরানে এখনো বড় ধরনের হামলা শুরুই হয়নি এবং ভবিষ্যতে সেতু ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে আঘাত হানা হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে টানা হামলা-পাল্টা হামলা চলছে।

পেন্টাগনে উত্তেজনা, শীর্ষ কর্মকর্তাদের অপসারণ

এদিকে, মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করায় পেন্টাগনে চাপা উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধ চলাকালে সেনাবাহিনীর প্রধানকে এভাবে অপসারণ যুক্তরাষ্ট্রে নজিরবিহীন হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধে স্থল অভিযান নিয়ে মতবিরোধের কারণেই প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্ত নিয়েছেন।

জর্জের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন আর্মির ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানেভ। শুধু জর্জই নন, তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আর্মির ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেইন কর্পসের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিন।

২০২৩ সালে জর্জ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান, যেখানে সাধারণত এ পদে মেয়াদ চার বছর হয়ে থাকে। এর আগে তিনি আর্মির ভাইস চিফ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার অপসারণ পেন্টাগনের শীর্ষ নেতৃত্বে অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছে। এর আগে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল সি.কিউ. ব্রাউন, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর ভাইস চিফকেও সরানো হয়েছিল।

উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় হামলার দাবি

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়। ইরানি বাহিনীর দাবি, ইসফাহান ও খুজেস্তানের শিল্প ও ইস্পাত কারখানা কমপ্লেক্স এবং কারাজের বি-১ সেতুতে হামলার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জর্ডানে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম গুদাম, সহায়তা ও আবাসন কেন্দ্র এবং কুয়েতের আরিফজান ক্যাম্পে অবস্থানরত মার্কিন সাঁজোয়া ব্রিগেডের মেকানাইজড ব্যাটালিয়নকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার করে বাহরাইনের বৃহত্তম অ্যালুমিনিয়াম স্মেল্টারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে প্রস্তাব, চীনের আপত্তি

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবে ভোট হওয়ার কথা রয়েছে। বর্তমানে কাউন্সিলের সভাপতিত্বকারী দেশ বাহরাইন প্রস্তাবটি উত্থাপন করেছে, যাতে প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন চাওয়া হয়েছে।

তবে প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন। জাতিসংঘে দেশটির দূত ফু কং বলেছেন, এমন অনুমোদন দিলে তা অবৈধ ও নির্বিচারে শক্তি প্রয়োগকে বৈধতা দিতে পারে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। প্রস্তাবটি পাস করতে হলে ১৫ সদস্যের কাউন্সিলের অন্তত ৯টি দেশের সমর্থন এবং স্থায়ী ৫ সদস্যের কোনো ভেটো না থাকা প্রয়োজন। চীনের আপত্তির কারণে প্রস্তাবটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।