চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে তীব্র কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং কয়েক দফায় তাপপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির তথ্যমতে, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পাশাপাশি মাসজুড়ে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্তত তিন দিন তীব্র কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।
অন্যদিকে, এ মাসে দেশে ২ থেকে ৪টি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ১ থেকে ২টি তীব্র (৪০–৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। এ সময় দৈনিক গড় বাষ্পীভবন ৩ থেকে ৫ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৫.৫ থেকে ৭.৫ ঘণ্টা থাকতে পারে।



