গত ২৪ ঘণ্টায় লেবাননে অন্তত ৪০ যোদ্ধা নিহতের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটিতে জল, স্থল ও আকাশপথে একযোগে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। এ খবর দিয়েছে আল জাজিরা।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত এক দিনে লেবাননে হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব অভিযানে ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে হিজবুল্লাহর বিভিন্ন সেল শনাক্ত করে ধ্বংস করেছে স্থলবাহিনী। একইসঙ্গে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। এছাড়া নৌবাহিনীও হিজবুল্লাহর একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে আঘাত হেনেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তারা জানায়, শত্রুর আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ইরানি সামরিক বাহিনী দাবি করেছে, তাদের কৌশলগত সামরিক সক্ষমতা এমন সব স্থানে বিস্তৃত, যা প্রতিপক্ষের নাগালের বাইরে। পাশাপাশি তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করলে আরও তীব্র ও ধ্বংসাত্মক হামলার মুখে পড়তে হতে পারে।



