সৌদি আরবে এক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক রাজকীয় আদেশের অনুমোদনের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করে। তার বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী সৌদ আল-ফারাজকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি ২০১১ সালের আরব বসন্তের সময় পূর্বাঞ্চলের শিয়া অধ্যুষিত কাতিফ এলাকায় গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ওই অঞ্চলের শিয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্যের অভিযোগ করে আসছে।
এ ছাড়া তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী নেটওয়ার্ক’ পরিচালনা এবং এক পুলিশ সদস্য হত্যার অভিযোগও আনা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং শরিয়া আইনের বিধান বাস্তবায়নের অংশ হিসেবেই এ শাস্তি কার্যকর করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, অভিযুক্ত শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন এবং তার কাছ থেকে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়।
অভিযোগ রয়েছে, মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে দীর্ঘ ২১ মাস একাকী কারাবাসে রাখা হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে এক পর্যায়ে তিনি ভেঙে পড়ে দোষ স্বীকার করতে বাধ্য হন।
আইনি অধিকার সংগঠন রিপ্রিভের জিদ বাসইউনি বলেন, সৌদি আরবে সমালোচকদের জন্য সময়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের শাস্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।



