যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন।”
বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প আরও বলেন, “হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ ও নিরাপদ হবে, তখনই আমরা বিষয়টি বিবেচনা করব। তার আগে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে, কিংবা তাদের কথিত ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়া হবে।”
দাবি অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে ইরান বা কোনো স্বাধীন সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর প্রায় এক মাস ধরে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন তার ছেলে মোজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। যদিও রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে কিছু বিবৃতি প্রচার করা হয়েছে, দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকায় তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
এই জল্পনার মধ্যে ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ এক সাক্ষাৎকারে জানান, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। তার ভাষ্য, বিশেষ পরিস্থিতির কারণেই তিনি আপাতত জনসম্মুখে আসছেন না।



