ঐতিহ্য ও ফুটবলীয় দক্ষতায় এগিয়ে থাকা থাইল্যান্ড ফিফা র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে। এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তাই শুরু থেকেই ফেভারিট ছিল স্বাগতিকরা। তবে সেই শক্ত প্রতিপক্ষের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের।
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন মোসাম্মাৎ সাগরিকা—প্রথমটি ৩৬তম মিনিটে এবং দ্বিতীয়টি বিরতির পর ৫০তম মিনিটে। তার এই দুই গোলে এশিয়ার মঞ্চে বড় এক জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ।
কিন্তু ম্যাচের শেষভাগে নাটকীয়ভাবে বদলে যায় দৃশ্যপট। ৬৯ থেকে ৭৯ মিনিট—এই ১০ মিনিটেই তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় থাইল্যান্ড। ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান কুরিসারা লিমপাওয়ানিচ। এরপর ৭৬তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে সমতা ফেরান রিনইয়াপাত মুন্ডং।
সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। তারই ধারাবাহিকতায় ৭৯তম মিনিটে জয়সূচক গোলটি করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে থাইল্যান্ড।
শেষদিকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা। ফলে নিশ্চিত জয় হাতছাড়া করে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।



