বিদেশে পাচার হওয়া প্রায় ৩ দশমিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা, দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৯ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফেরত আনা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ কোটির বেশি টাকা উদ্ধার করে দেশে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। পাচার হওয়া অর্থ উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল সিআইডি। তাদের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার ফলেই এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি এ ঘটনায় তদন্তও চলমান আছে।



