tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিতে সংস্কার জরুরি’

‘এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচিতে সংস্কার জরুরি’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণত ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা সম্পন্ন করলেও শিক্ষা বোর্ডগুলো ওই বছরের ডিসেম্বরের মধ্যে পাবলিক পরীক্ষা নিতে পারে না। এর পরিবর্তে পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে পরীক্ষা আয়োজন করা হয়। ফলে শিক্ষার্থীদের কয়েক মাস সময় অপচয় হয়, যা জাতীয় পর্যায়েও নেতিবাচক প্রভাব ফেলে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর সংস্কার প্রয়োজন।

তিনি আরও বলেন, শিক্ষকরা জাতির ‘মেরুদণ্ডের চিকিৎসক’—যারা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেটিকে সোজা ও দৃঢ় রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

এহছানুল হক মিলন বলেন, উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য কোনো ব্যক্তি বা সরকারের একক উদ্যোগ নয়; এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সন্তানতুল্য মনে করে তাদের গড়ে তুলতে হবে।

দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষকদের সম্মিলিত ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর উন্নত বাংলাদেশ নির্মাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নব-জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।