বিরোধী দল জাতীয় সংসদে জুলাই সনদ ও গণভোটের ফলাফল বাস্তবায়নের প্রস্তাব উত্থাপনের জন্য স্পিকারের কাছে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে। পরে স্পিকার আগামী মঙ্গলবারের কর্মদিবসের শেষ দিকে এ বিষয়ে আলোচনা করার জন্য দুই ঘণ্টা বরাদ্দ দেন।
রোববার বিকালে সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুর রহমান নোটিশটি সংসদে উত্থাপন করে আলোচনা করার দাবি জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের বিধি সংক্রান্ত প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রস্তাবটি ৬২ বিধি অনুযায়ী নয়, বরং এটি ৬৮ বিধির আওতায় পড়ে। ৬৮ বিধিতে আলোচনার সময় মাত্র আধ ঘণ্টা। যদি ৬২ বিধি অনুযায়ী আলোচনা করতে হয়, প্রস্তাবটি সংশোধন করতে হবে।
এছাড়া মুলতবি প্রস্তাবে আইন সংশোধনীর প্রয়োজনীয়তা থাকা বিষয় আলোচনা করা যাবে না বলে ৬৩ বিধির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পরবর্তী পর্যায়ে ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেন, ৩১ মার্চ বিষয়টি নিয়ে দুই ঘণ্টা আলোচনা হবে। সিদ্ধান্তের পর স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ফ্লোর চাইলেও ডেপুটি স্পিকার সাড়া দেননি। পরে তিনি কিছুক্ষণ সংসদে দাঁড়িয়ে থাকেন, কিন্তু স্পিকার কোনও সময় না দিয়ে অন্য কার্যসূচিতে চলে যান।



