ইরাকের উত্তরাঞ্চলে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় বেশ কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঘাঁটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ব্রিটিশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কয়েকটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে বুধবার রাতে উত্তর ইরাকের এরবিলের একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে।
প্রায় দুই সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে ব্রিটিশ বাহিনীর ওপর এটি তৃতীয় সফল হামলা বলে জানা গেছে।
অজ্ঞাত সংখ্যক ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ বা আত্মঘাতী ড্রোন ঘাঁটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে আঘাত হানে। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন।
পারমানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্সের অপারেশন শাখার সহকারী চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার গাই ফোডেন বলেন, “গত রাতে এরবিল ও বাগদাদ—উভয় জায়গাতেই একাধিকবার হামলা হয়েছে এবং হামলাগুলো ছিল অত্যন্ত সমন্বিত।”
তিনি বলেন, “এরবিলে আমাদের কর্মীরা রয়েছেন, যারা ওই ঘাঁটির প্রতিরক্ষায় সহায়তা করছেন। গত রাতে তারা ক্যাম্পের দিকে আসা দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছেন। তবে কয়েকটি ড্রোন ক্যাম্পে আঘাত হানতে সক্ষম হয়েছে।”
গত ১ মার্চও একই ঘাঁটিতে হামলা হয়েছিল। সে সময় ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থান থেকে মাত্র ৪০০ মিটারের মধ্যে ব্রিটিশ কর্মীরা অবস্থান করছিলেন।
এর একদিন পর সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ‘আরএএফ আক্রোতিরি’-তেও একটি ড্রোন আঘাত হানে। সাইপ্রাস কর্তৃপক্ষ জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতি ছিল সামান্য।
ব্রিটিশ এমপি জেরেমি করবিন মিডল ইস্ট আইকে বলেন, “কিয়ার স্টারমার ব্রিটেনকে আরেকটি অবৈধ যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। এর ফলে আমাদের সবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, “সরকার যত দ্রুত সম্ভব এই ভুলের গুরুত্ব উপলব্ধি করলেই ভালো। এর অর্থ হলো এই যুদ্ধে ব্রিটেনের সম্পৃক্ততা বন্ধ করা এবং বিদেশি বাহিনীর জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি বাতিল করা।”
ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে মার্কিন বোমারু বিমান
ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলার পথে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে বলে জানা গেছে।
গত এক সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে একাধিক মার্কিন বি-১ ল্যান্সার বোমারু বিমান ইরানে হামলার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) একটি মার্কিন স্ট্রাইক মিশন শেষে তিনটি বোমারু বিমান আবারও আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবতরণ করেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সরাসরি হামলায় যুক্ত হওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি মার্কিন-ইসরায়েলি হামলার প্রকাশ্য নিন্দাও করেননি।
ঘাঁটি ছাড়ছে ইতালির সেনারা
ড্রোন হামলার পর ইরাকের ওই ঘাঁটি থেকে সাময়িকভাবে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইতালি। উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতালির মন্ত্রীরা জানিয়েছেন, এর মাধ্যমে আগে থেকেই শুরু হওয়া সেনা প্রত্যাহারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
বুধবারের হামলায় কেউ হতাহত না হলেও ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তো ইতালীয় সংবাদ অনুষ্ঠান ‘টিজি১’-কে বলেন, সেনা প্রত্যাহারের পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল।
সূত্র: আলজাজিরা



