tanaka
প্রচ্ছদরাজনীতিপ্রধানমন্ত্রীর অভিনন্দনসংবলিত বিলবোর্ড-ব্যনার দ্রুত অপসারণের নির্দেশ

প্রধানমন্ত্রীর অভিনন্দনসংবলিত বিলবোর্ড-ব্যনার দ্রুত অপসারণের নির্দেশ

রাজধানীতে প্রধানমন্ত্রীর ছবি ও অভিনন্দনসংবলিত বিলবোর্ড-ব্যনার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হয়ে হাতিরঝিলে পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে তা দ্রুত অপসারণ করা হয়। রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রধানমন্ত্রীর ছবিসহ অভিনন্দন বার্তা প্রচার করা হচ্ছিল—এসবও সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে একই ধরনের প্রদর্শনী দেখেও তিনি অপসারণের নির্দেশ দিয়েছিলেন।

মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। দিনের কর্মসূচির অংশ হিসেবে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্যসম্পদ সুরক্ষায় টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, ট্রাফিক সিগন্যাল মেনে চলার কারণে রাজধানীতে যান চলাচলের গতি বেড়েছে—এমন একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর ভিভিআইপি প্রটোকল কমিয়ে নিজেও সিগন্যাল মেনে চলাচল করছেন। এর প্রভাবে অন্যান্য ভিআইপিরাও একইভাবে চলাচল করছেন, ফলে গত ১৪ দিনে গড় যানবাহনের গতি ৪ দশমিক ৫ কিলোমিটার থেকে বেড়ে ৫ দশমিক ৩ কিলোমিটারে উন্নীত হয়েছে।

মোটা চালের মূল্যবৃদ্ধির খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রান্তিক মানুষের খাদ্য হিসেবে পরিচিত মোটা চালের দাম বাড়ার সংবাদ নজরে আসতেই তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন, যার ইতিবাচক প্রভাব বাজারে পড়েছে।

এদিকে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সংকটের বিষয় তুলে ধরেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তারা রাজস্ব ঘাটতি, অতিরিক্ত ওয়ার্ক অর্ডার এবং চলমান প্রকল্পের আর্থিক চাপের কথা জানান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়ায় করপোরেশন অর্থ সংকটে পড়েছে। পরিচালন ব্যয় মেটাতে থোক বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি দাবি করেন, পূর্ববর্তী প্রশাসনের দেওয়া অতিরিক্ত ওয়ার্ক অর্ডার বাস্তবায়ন করলে করপোরেশন আর্থিকভাবে বিপর্যস্ত হতে পারে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, সীমিত তহবিল নিয়ে বিপুল অঙ্কের টেন্ডার ও বিল পরিশোধের চাপ রয়েছে। মাসিক বেতন-ভাতা পরিশোধের পর উন্নয়নকাজ চালানো কঠিন হয়ে পড়ছে। তবে প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন বলে জানান তিনি।

দক্ষিণের প্রশাসক আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা এবং মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। বর্ষা মৌসুম ও সম্ভাব্য ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় মশক নিধন কার্যক্রম জোরদার, খাল খনন এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ঢাকা দক্ষিণে এক মাসব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রামও শুরু হয়েছে।