উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন ব্যবহার করে ঘাঁটির রাডার স্থাপনা ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক অভিযানের জবাব হিসেবেই এ আক্রমণ পরিচালিত হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বাহরাইনে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্র: আল জাজিরা



