সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাহিনীটির দেশপ্রেম, পেশাদারিত্ব ও জনসেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ড সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলে শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশ কোস্টগার্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রী বাহিনীর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে দুর্যোগ মোকাবিলা, উদ্ধার তৎপরতা এবং জনগণের সেবায় তাদের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন। দেশের স্বার্থে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে মহাপরিচালক কোস্টগার্ডের চলমান উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেষে প্রধানমন্ত্রী দেশের সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব সুরক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে বাহিনীটি দেশের সমুদ্রসীমার অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে।



