মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে হামলা ও সংঘাতের ঘটনায় বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার অভাব প্রকট, এবং একটি স্বাধীন দেশে হামলা বা রাষ্ট্রপ্রধানকে হত্যার মতো ঘটনা মানবতার জন্য গুরুতর হুমকি। মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাসীরা বিশ্ব পরিস্থিতির এমন অবনতিতে গভীর হতাশায় পড়ছেন। সংঘাত বন্ধ করতে বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া অত্যন্ত জরুরি।
সোমবার বিকেলে ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমাদের একটি জনকল্যাণমূলক রাষ্ট্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা কঠিন ও অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক নৈতিকতায় বিশ্বাসী মানুষ হিসেবে আমরা এই অস্থিরতাকে সঠিকভাবে মোকাবিলা করতে পারছি। বাংলাদেশে যে অস্থিরতা চলছে, সত্ত্বেও মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না, যা আল্লাহর অশেষ রহমত।
ফ্যাসিস্ট শক্তি গত ১৭-১৮ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি ধ্বংস সাধিত হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা প্রধান লক্ষ্য।
ড. শাহিদা রফিককে স্মরণ করে তিনি বলেন, তিনি ছিলেন নিখুঁত দেশপ্রেমিক এবং বিদুষী নারী। প্রতিকূলতার মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং জনগণের কল্যাণে কাজ করা তার জীবনদর্শন ছিল। তিনি সর্বদা সত্যকে সত্য ও অন্যায়কে অন্যায় বলা সাহস রাখতেন।
মির্জা ফখরুল আরও যোগ করেন, ড. শাহিদা রফিকের আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আইনি কাঠামোর মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
অনুষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. শাহপুর রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।



