পবিত্র রমজান মাস শেষ হওয়ার পরপরই স্থানীয় সরকার পর্যায়ের সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, এর আগে বেশ কিছু উপনির্বাচন ও অন্যান্য নির্বাচন রয়েছে, যেগুলোর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সেগুলো সম্পন্ন করার পর সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশন সারা বছরই ব্যস্ত থাকবে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তবে নির্বাচনী আইন প্রণয়ন করার এখতিয়ার কমিশনের নয়; এ দায়িত্ব সংসদের। সংসদ যে আইন প্রণয়ন করবে, নির্বাচন কমিশন সেই আইন অনুসারেই নির্বাচন পরিচালনা করবে।
চলমান উপনির্বাচন নিয়ে কমিশনের তৎপরতার কথা তুলে ধরে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন ইসি মাছউদ। তবে নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনা করে যেসব ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। একই সঙ্গে নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনেরও অনুরোধ করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।



