আলভীর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও শোবিজ অঙ্গনে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর আলোচনার মধ্যেই এবার অভিযোগ উঠেছে অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে। তার স্ত্রী জান্নাত দীপ্তি স্বামীর বিরুদ্ধে পরকীয়া, মাদকাসক্তি ও শারীরিক-মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে জান্নাত দীপ্তি দাবি করেন, আফজাল সুজন মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তিনি কিছু কথোপকথনের স্ক্রিনশট ও ব্যক্তিগত ছবি প্রকাশ করে নিজের অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের কথাও জানান। একই সঙ্গে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে—এমন কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। তার ভাষ্য, ছয় বছরের দাম্পত্য জীবনে বারবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি অসুস্থ বাবার সামনেও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন।
দৈনিক রূপালী বাংলাদেশকে দেওয়া বক্তব্যে দীপ্তি আরও দাবি করেন, স্বামীর সামনে তিনি মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখেছেন। তিনি বলেন, গর্ভাবস্থায় থাকাকালীন সময়েও আফজাল সুজন অন্য এক নারীর সঙ্গে কয়েক মাস একত্রে বসবাস করেছেন। সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনায় এতদিন নীরব থাকলেও, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানাতে তিনি প্রকাশ্যে কথা বলতে বাধ্য হয়েছেন বলে জানান।
অন্যদিকে আফজাল সুজন তার স্ত্রীর বিরুদ্ধে ‘টাকার লোভে সংসার ছাড়ার’ অভিযোগ তুলেছেন বলে জানা গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, “এ মুহূর্তে কিছু বলতে চাই না। আপনারা এক পাশের কথা শুনেছেন, আমারও বলার আছে। একটু সময় দিলে আমি বিস্তারিত বলব।”
মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৮ সালে ঈগল মিউজিকের ব্যানারে ক্যারিয়ার শুরু করেন আফজাল সুজন। বর্তমানে তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন। স্ত্রীর আনা অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।



