ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি এ অভিযানের তীব্র সমালোচনা করে এটিকে মার্কিন জনগণের জন্য বিপজ্জনক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।
সিনেটর মার্কি বলেন, এ হামলার আগে কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। তার ভাষ্য, ট্রাম্পের এ সিদ্ধান্ত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, যা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।
তিনি আরও অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকি প্রসঙ্গে অতিরঞ্জিত বক্তব্য দিচ্ছেন। ট্রাম্পের কথিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি সত্ত্বেও হুমকিকে অযৌক্তিকভাবে বড় করে দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন মার্কি।
এদিকে, মার্কি উল্লেখ করেন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন—ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালাচ্ছে না। তার মতে, হামলার আগে কূটনৈতিক আলোচনার সুযোগ ছিল এবং এখনও সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।
মার্কির দাবি, এ সংকট ট্রাম্প প্রশাসনের নীতির ফল। তিনি বলেন, আমেরিকান জনগণ মধ্যপ্রাচ্যে আর কোনো দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াতে চায় না। দেশের মানুষ যখন স্বাস্থ্যসেবার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, তখন তরুণদের বিদেশে যুদ্ধক্ষেত্রে পাঠানোর সিদ্ধান্ত তারা সমর্থন করে না। ট্রাম্প যদি অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনেন, তবে কংগ্রেসকেই হস্তক্ষেপ করতে হবে। তার স্পষ্ট বক্তব্য—ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ নয়।



