ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জীবিত আছেন। “যতদূর আমি জানি, তিনি নিহত হননি,”—বলেন তিনি।
চ্যানেল ১২-এর একটি প্রতিবেদনে ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হতে পারেন—এমন দাবি ওঠার পর যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি এ মন্তব্য করেন। চ্যানেল ১২ জানায়, ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এমন তথ্য এসেছে যে সাম্প্রতিক হামলায় খামেনি নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরাঘচি আরও জানান, হামলায় দুই কমান্ডার নিহত হয়েছেন। তবে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপদে আছেন।
তিনি বলেন, “সব উচ্চপদস্থ কর্মকর্তা জীবিত এবং নিজ নিজ দায়িত্বে আছেন। আমরা পরিস্থিতি মোকাবিলা করছি, সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে।”
এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল-আলম জানিয়েছে, খামেনি শিগগিরই ভাষণ দেবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য প্রচার করা হয়।



