আহসান এইচ মনসুরকে অপসারণের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পরিবর্তন শুধু বাংলাদেশ ব্যাংক–এ সীমাবদ্ধ নয়; নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রেই পরিবর্তন আনা হচ্ছে। সরকারের অগ্রাধিকার ও কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা তিনি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। প্রয়োজন অনুযায়ী এ ধরনের পরিবর্তন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন সরকার এলে তাদের নিজস্ব প্রাধান্য, নীতি ও পরিকল্পনা থাকে। সেই লক্ষ্য বাস্তবায়নের স্বার্থেই বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন আনা হয়ে থাকে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, আরও অনেক জায়গায় এমন পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে।
এর আগে সরকার আহসান এইচ মনসুর–কে গভর্নর পদ থেকে সরিয়ে দিয়ে মোস্তাকুর রহমান–কে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭, ১৯৭২)–এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী মোস্তাকুর রহমানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী তিনি অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করবেন এবং দায়িত্ব পালনকালে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুসারে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (প্রেসিডেন্ট অর্ডার ১২৭ অব ১৯৭২)–এর ১০(৫) ধারায় ২০২৪ সালের আগস্টে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ–এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত ড. আহসান এইচ মনসুরকে চার বছরের জন্য গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল। তবে প্রায় দেড় বছরের মাথায় তাকে ওই পদ থেকে অপসারণ করা হলো।



