চিকিৎসাসেবায় জড়িত দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মুফতি আমির হামজা বলেছেন, ‘সবাই ওপরের জনকে দোষ দেয়। কুষ্টিয়ায় কোনো ওপরওয়ালা নেই—এখন আমিই ওপরওয়ালা। কেউ যদি দুই নম্বর কোনো কাজ করতে চায়, তাহলে আমার নাম বলবেন। এত ক্ষমতা নিয়ে কে কুষ্টিয়ায় চলাফেরা করে, আমি তা দেখব।’
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমরা চাই এটি পূর্ণাঙ্গভাবে চালু হোক। বর্তমানে কয়েকটি বিভাগ চালু রয়েছে; বাকি বিভাগগুলো দ্রুত চালুর বিষয়ে সভায় আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রথম ১০০ দিনের কর্মসূচির মধ্যে আমরা সরকারি অফিস-আদালতগুলোকে জনবান্ধব করার উদ্যোগ নেব। অনেকেই ডিসি, এসপি, ইউএনও কার্যালয় কিংবা থানায় যেতে ভয় পান। সিভিল সার্জন অফিস, এলজিইডি অফিসেও মানুষ স্বাচ্ছন্দ্যে যেতে চান না। আমরা চাই এসব দপ্তরে মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন হোক।’
তিনি দাবি করেন, ‘কয়েকটি বিষয়ে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ায় ইতোমধ্যে কিছু প্রক্রিয়া সহজ হয়েছে।’



