নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে এ বক্তব্য দেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা প্রতিরোধে রাষ্ট্রপতি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তার দাবি, এ ঘটনায় রাষ্ট্রপতি দায়িত্ব এড়াতে পারেন না।
তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।



