tanaka
প্রচ্ছদরাজনীতিগণতন্ত্রকামী শক্তির বিভেদে সুবিধা পাবে ফ্যাসিস্ট চক্র: তারেক রহমান

গণতন্ত্রকামী শক্তির বিভেদে সুবিধা পাবে ফ্যাসিস্ট চক্র: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত, পরাজিত এবং পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সুগম হয়ে যাবে। তাই তিনি গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক কিছু দলের বা ব্যক্তির বক্তব্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এখন অহেতুক বিতর্ক বা বিভেদ শহীদদের আত্মত্যাগকে অসম্মানিত করে।

তিনি আরও বলেন, “একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর চব্বিশ ছিল সেই স্বাধীনতা রক্ষার সংগ্রাম। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”

‘কথার রাজনীতি’ বাদ দিয়ে ‘কাজের রাজনীতি’য় মনোনিবেশের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “প্রচলিত প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আমাদের বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে এই পরিবর্তন অনিবার্য।”

আগামী দিনের বিএনপির রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি—দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।