tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকভারতীয়দের জন্য ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

ভারতীয়দের জন্য ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সেবা শুরু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত এলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগকে দুই দেশের সম্পর্কে সৃষ্ট অচলাবস্থা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক সূত্রের ভাষ্য, নয়াদিল্লির সঙ্গে সম্পর্কের গুরুত্ব বিবেচনায় নিয়ে নতুন সরকার ইতিবাচক বার্তা দিতে দ্রুত এ পদক্ষেপ নিয়েছে।

গত ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। ওই ঘটনার পর বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ ওঠে। এর জেরে উভয় দেশই কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকে সব ধরনের ভিসা পুনরায় চালু হয়েছে। এর মধ্যে পর্যটন, চিকিৎসা, ব্যবসা ও কর্মসংস্থান ভিসা উল্লেখযোগ্য। ডিসেম্বরের নিষেধাজ্ঞার সময় ব্যবসা ও কর্মসংস্থান ভিসা আংশিক চালু থাকলেও এখন সব ক্যাটাগরির ভিসাই স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে।

ভারতও ভিসা সেবা পুনরায় চালুর পথে

এর একদিন আগে সিলেটে ভারতের জ্যেষ্ঠ কনস্যুলার কর্মকর্তা অনিরুদ্ধ দাস জানান, বাংলাদেশি নাগরিকদের জন্যও শিগগির পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু করবে ভারত। বর্তমানে চিকিৎসা ও ডাবল-এন্ট্রি ভিসা দেওয়া হলেও অচিরেই ভ্রমণসহ অন্যান্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি মোদির আমন্ত্রণপত্রও হস্তান্তর করেন।