৪৪তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনায় এই মনোনয়ন দেওয়া হয়েছে। নবম থেকে একাদশ গ্রেডের বিভিন্ন শূন্য পদে এসব নিয়োগ কার্যকর হবে।
মনোনীতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নবম গ্রেডের পদে সুযোগ পেয়েছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জন রয়েছেন। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনীত হয়েছেন। খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)সহ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় প্রায় ৪ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।



