সুদানের দক্ষিণাঞ্চলের উত্তর কোরদোফান রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি ল’ইয়ার্স সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। আনাদোলু এজেন্সি-এর বরাতে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, সোডারি এলাকার উত্তর-পূর্বে আল-সাফিয়া অঞ্চলের একটি বাজারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার সময় বাজারে নারী, শিশু ও বয়স্কসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইমার্জেন্সি ল’ইয়ার্স হামলাটিকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, চলমান সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতি এ হামলার মাধ্যমে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনাকে তারা উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।



