নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম-পরিচয়সহ অফিসিয়াল গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রকাশ করা হয়। গেজেটে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ইসি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ওই ২৯৭ আসনের গেজেট প্রকাশ করা হয়।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে।
ইসির ঘোষণায় বলা হয়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত রাখা হয়েছে। প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
ইসি সচিব জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির তথ্যমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে জয়লাভ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অর্জন করেছে ৭টি আসন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন।



