দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকতেই পারে। তবে সেই জয় যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তার প্রতিকার হওয়া উচিত। ইতিবাচক রাজনীতি থেকে কাউকে বঞ্চিত করা ঠিক নয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সারাদেশে জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেকের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, পরিবারগুলো হুমকির মুখে রয়েছে এবং অনেকে আহত হয়েছেন।
বিজয়ী প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখুন। গণতান্ত্রিক উত্তরণের শুরু যদি বিরোধীদল ও ভিন্নমতের মানুষের ওপর নিপীড়নের মধ্য দিয়ে হয়, তবে তা জাতির জন্য লজ্জাজনক হবে। এভাবে পরিস্থিতি চলতে থাকলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হওয়ার কথাও জানান তিনি।
নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, বেশ কিছু আসনে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ উঠেছে এবং ফলাফল পরিবর্তনের অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের আচরণ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী এবং দেশকে ভালোবাসেন। দেশে পুরোনো ধাঁচের রাজনীতি ফিরে আসুক, তা তারা চান না। তরুণ সমাজের প্রত্যাশা পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, উদারতাকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন, তবে প্রতিকার চাওয়ার অধিকার তাদের রয়েছে। নির্বাচনে যা ঘটেছে, তার সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিকার চাওয়ার সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।



