বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইস্কাটন গার্ডেন হাইস্কুলে ভোট দিতে এসে বলেন, “আগে ভোট কেন্দ্রে টেলিভিশনে অনেক কুকুর দেখানো হতো, মাঠ খালি দেখানো হতো। আজ কুকুর তো দেখা যাচ্ছে না, সবই মানুষ আর মানুষ।”
সিইসি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে ইসির প্রতি আস্থা ফিরবে কি না, তা জনগণ দেখাচ্ছে। এত মানুষ ভোট দিতে এসেছে, এটাই প্রমাণ যে আস্থা আছে। দলগুলোও মুখে যা-ই বলুক, তারা আমাদের ওপর আস্থা রেখেছে। অতীতের নির্বাচনগুলোও দেখেছেন—এখনও এত ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে।”
তিনি টেলিভিশনে বিভিন্ন এলাকার ভোটের দৃশ্য উল্লেখ করে বলেন, “পঞ্চগড়ের মতো জায়গায় নারীরা ভোর থেকে কুয়াশার মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমাদের যুব সমাজ ও নারীরা দেশের শক্তিতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।”
ভোটকে ঈদের মতো আমেজের সঙ্গে তুলনা করে সিইসি বলেন, “বিশ্বাসযোগ্য নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সারা দেশে সুষ্ঠু ও সুন্দর ভোট হচ্ছে। বাকিটা সফল হবে, এটাই প্রত্যাশা। বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। ইসি কারও পক্ষে বা বিপক্ষে নেই। এ দেশে ‘পাতানো নির্বাচন’ হবে না, কেউ কেন্দ্র দখল করতে পারবে না।”
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সত্য তথ্য তুলে ধরুন। মেইনস্ট্রিম মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকেই ভিন্ন উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ায়, যা পরে হাজার হাজার বার শেয়ার হয়। শেয়ার করার আগে অবশ্যই সত্য-মিথ্যা যাচাই করুন।”
নির্বাচন নিয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন, “এআই জেনারেটেড কন্টেন্ট আমাদের জন্য এক বড় হুমকি। অনেক প্রস্তুতি নেওয়া হলেও সব মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। বিদেশ থেকে আসা তথ্যের ৫০ শতাংশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা সত্য তথ্যের মাধ্যমে অপতথ্য মোকাবিলার পরিকল্পনা নিয়েছি।”
সিইসি আরও বলেন, “মানুষ বুঝে গেছে, আমাদের লক্ষ্য শুধু সুষ্ঠু নির্বাচন। গ্রামাঞ্চলের ভোটকেন্দ্রে নারীদের উপস্থিতি দেখে আমি আনন্দিত। আমাদের ইয়ং জেনারেশন ও নারীরা দেশের শক্তিতে পরিণত হয়েছে।”



