দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনের অপেক্ষায় ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সারা দেশ থেকে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, যা তাকে আশাবাদী করেছে। তিনি ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে বলেন, মানুষ সারাদিন কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করলে ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।
নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ও তার দল জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।
নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি। তার ভাষায়, সাধারণ মানুষ যেন দেশে নিরাপদ বোধ করেন—সেটিই হবে সরকারের প্রধান লক্ষ্য।
নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী; তাদের পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।
ভোটের পরিবেশ সুষ্ঠু কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করা সমীচীন হবে না। কিছু সময় পর্যবেক্ষণের পর তিনি এ বিষয়ে মতামত জানাবেন।
সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।



