tanaka
প্রচ্ছদজাতীয়বিএনপি জোট ২০৮, জামায়াত জোট ৪৬ আসন পেতে পারে: ইএএসডি জরিপ

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট ৪৬ আসন পেতে পারে: ইএএসডি জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন জনমত জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। জরিপ অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৬টি আসন। এ ছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। একই সঙ্গে ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রিডি সেমিনার হলে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

ইএএসডি জানায়, সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়েছে, যা চলমান জরিপগুলোর মধ্যে সবচেয়ে বড় নমুনাভিত্তিক জরিপ। সংস্থার নির্বাহী পরিচালক শামীম হায়দার তালুকদার জানান, দেশের সব ৩০০টি সংসদীয় আসনে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) পদ্ধতি অনুসরণ করে জরিপটি করা হয়। মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য ‘কোবো টুলবক্স’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করেন। গ্রামীণ এলাকায় ইউনিয়ন ও শহরাঞ্চলে ওয়ার্ডকে ক্লাস্টার হিসেবে ধরা হয়। সারা দেশে ২ হাজার ৭৬৬টি পিএসইউ থেকে ধারাবাহিকভাবে পরিবার নির্বাচন করে প্রতিটি পরিবার থেকে একজন যোগ্য উত্তরদাতার সাক্ষাৎকার নেওয়া হয়।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। বয়সভিত্তিক হিসাবে ১৮–৩০ বছর বয়সী তরুণদের অংশগ্রহণ ছিল ৩৭ দশমিক ২ শতাংশ। পেশাভিত্তিক হিসেবে সর্বোচ্চ ২১ দশমিক ৯ শতাংশ ছিলেন ব্যবসায়ী, কৃষি ও গ্রামীণ শ্রমজীবী ১৩ দশমিক ২ শতাংশ এবং শিক্ষার্থী ১৪ দশমিক ৫ শতাংশ।

রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে জরিপে দেখা যায়, ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতে ইসলামী ১১ দশমিক ৯ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জাতীয় পার্টির সমর্থন ৪ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৬ শতাংশ।

নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলক বেশি—৭১ দশমিক ১ শতাংশ নারী ভোটার বিএনপিকে সমর্থন জানিয়েছেন। অঞ্চলভিত্তিক হিসাবে চট্টগ্রাম (৭৬ দশমিক ৮ শতাংশ) ও সিলেটে (৭৫ দশমিক ৬ শতাংশ) বিএনপি জোটের প্রতি সর্বোচ্চ সমর্থন পাওয়া গেছে। অন্যদিকে বরিশাল ও খুলনায় জামায়াত জোটের অবস্থান তুলনামূলক শক্তিশালী।

জরিপে আরও উঠে এসেছে, আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের একটি বড় অংশ এবার পরিবর্তনের পক্ষে। শামীম হায়দার তালুকদার জানান, আওয়ামী লীগের সাবেক ভোটারদের মধ্যে ৮০ শতাংশ বিএনপিকে, ১৫ শতাংশ জামায়াতে ইসলামীকে এবং ৫ শতাংশ অন্যান্য দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন।

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৬৮ শতাংশ উত্তরদাতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন করেছেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২ শতাংশ উত্তরদাতা। এ বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক ছিলেন ১৬ শতাংশ।

ইএএসডির মতে, এই জরিপ দেশের ভোটারদের রাজনৈতিক মনোভাব এবং আসন্ন নির্বাচনে ক্ষমতার সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত স্পষ্টভাবে তুলে ধরেছে।