বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট দেওয়ার আগে জনগণকে বুঝতে হবে কারা সত্যিকার অর্থে মানুষের পাশে থাকে। শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হয় না; এলাকার ও দেশের মানুষের পাশে যারা বিপদের সময় দাঁড়ায়, উন্নয়নে কাজ করে—তাদেরই নির্বাচন করতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমরা রাত জেগে কষ্ট করে এখানে বসে আছি, কারণ সামনে ১২ তারিখের নির্বাচন। গত ১৬ বছরেও নির্বাচন হয়েছে, কিন্তু সেগুলো ছিল তামাশা ও নাটকের মতো। নির্বাচনের নামে প্রহসন হয়েছে, মানুষ কোথাও ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দিতে পারবে।”
তিনি আরও বলেন, “১২ তারিখের নির্বাচনে শুধু ভোট দিলেই চলবে না। সঠিকভাবে নির্বাচন করতে হবে—কারা মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ায়, কারা এলাকার উন্নয়নে কাজ করে। এসব বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
গত ১৬ বছরে দেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই সময়ে অনেক মেগা প্রকল্প হয়েছে, কিন্তু তার সঙ্গে হয়েছে মেগা দুর্নীতি। মানুষের ভাগ্য পরিবর্তনের মতো কার্যকর কোনো কাজ হয়নি। যদি হতো, তাহলে আজ এই এলাকায় প্রার্থী কাইয়ুম যে সমস্যাগুলোর কথা বলেছেন, সেগুলো থাকার কথা নয়। এসব সমস্যা আজও বিদ্যমান থাকার কারণ হলো—গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রকৃত কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”



