উত্তরের জেলা নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থলে তিস্তা ব্যারেজসংলগ্ন এলাকায় আজ এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
এর আগে ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুড়িগ্রামে পৌঁছে সেখানে একটি পৃথক জনসভায় অংশ নেবেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম জানান, জনসভায় জামায়াত আমির লালমনিরহাটের তিনজন এবং নীলফামারীর চারজন প্রার্থীর হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেবেন। একই সঙ্গে তিনি প্রার্থীদের উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এছাড়া দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়েও তিনি বক্তব্য রাখবেন।



