১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন।
মামলার অপর দুই আসামি হলেন ড. সাফিকুর রহমানের বাসার গৃহকর্মী রুপালী খাতুন ও মোছা. সুফিয়া বেগম।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোবেল মিয়া আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেপুর রহমান।
তিনি জানান, গৃহকর্মী নির্যাতনের মামলায় উত্তরা পশ্চিম থানা পুলিশ বিমানের এমডি ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, ১১ বছরের ওই গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে তার বাবা মোস্তফা থানায় মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আসামিদের গ্রেপ্তার করা হয়।



