tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়অন্যায়-অবিচার ও কুসংস্কার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্যায়-অবিচার ও কুসংস্কার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার

পবিত্র শবে বরাত উপলক্ষে সকল প্রকার অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ ফেব্রুয়ারি) এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

আগামীকাল মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী এই রাতটি মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বাণীতে তিনি বলেন, পবিত্র শবে বরাত মানবজীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসে বর্ণিত আছে, এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করে থাকেন। এ কারণে মুসলমানদের কাছে এই রাতটি সৌভাগ্যময় ও বরকতময় রজনি হিসেবে বিবেচিত।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং আত্মসমালোচনার মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করতে পারি। তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করে গুনাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলে আল্লাহ তায়ালার অসীম অনুগ্রহ, বরকত ও মাগফেরাত অর্জন করা সম্ভব।

তিনি বলেন, আসুন, পবিত্র শবে বরাতকে আল্লাহর রহমত লাভের এক বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করি। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি। সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের সৌন্দর্যে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করি।

শেষে প্রধান উপদেষ্টা দোয়া করে বলেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং হেফাজত করেন। আমিন।