দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।
এনসিএসের বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ২৪.৮৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.০৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যেই পড়ে।
অন্যদিকে, আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক সংস্থা ভলকানো ডিসকভারি জানিয়েছে, রোববার ভোরে বাংলাদেশে হালকা মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। স্থানীয় সময় ভোর ৪টা ২ মিনিটে সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে ৩ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়।
ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের তুলনামূলকভাবে অগভীর গভীরতায়, প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল)। তবে এ ঘটনায় কোথাও কম্পন অনুভূত হওয়ার কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার ৩৩ কিলোমিটার পূর্বে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪ বলে জানিয়েছে ভলকানো ডিসকভারি।



