বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হ্যাক হওয়া একটি পোস্টের কারণে যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান জানান, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়। হ্যাকিংয়ের ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে এবং মিছিল করেছে বলেও তিনি অভিযোগ করেন।
নারীদের প্রতি অবমাননাকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানুষ হিসেবে আচরণ করছে না। ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, যারা নারীদের অসম্মান করছে, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তাদের প্রতি অনুরোধ—নিজেদের মা, স্ত্রী ও বোনদের সম্মান করতে শিখুন।
জামায়াত আমির আরও বলেন, যে ব্যক্তি নিজের পরিবারকে সম্মান করতে জানে, সে সমাজের সব মাকেও সম্মান করতে পারে। যারা নারীদের অবমাননা করে, তারা মানবিক মূল্যবোধ হারিয়েছে। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে উল্লেখ করে তিনি নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।



