আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নেবে না দলটি। আজ পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’
পাকিস্তান সরকারের এই ঘোষণার বরাত দিয়ে ডন ও জিও নিউজসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে—এমন গুঞ্জন গত কয়েক দিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে চলছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি আগেই বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশকে খেলতে না দেওয়া হলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে কি না, সে সিদ্ধান্ত সরকার সঙ্গে আলোচনা করেই জানানো হবে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর নাকভি বলেন, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। তাঁকে আইসিসি–সংক্রান্ত বিষয়গুলো অবহিত করা হয়েছে এবং তিনি নির্দেশ দিয়েছেন, যেন সব বিকল্প খোলা রেখে এ বিষয়ে সমাধানের পথ খোঁজা হয়।’



