ইনোভেশন কনসাল্টিং জরিপ
বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিংয়ের পরিচালিত এক জরিপে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করবে বিএনপি—এমন ধারণা করছেন অংশগ্রহণকারীদের বড় একটি অংশ। জরিপ অনুযায়ী, ৪৭.৬ শতাংশ ভোটার মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। অন্যদিকে ২২.৫ শতাংশ উত্তরদাতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পিইপিএস) রাউন্ড–৩’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার মূল ফলাফল উপস্থাপন করেন। ১৬ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে পরিচালিত এ প্যানেল জরিপে মোট ৫ হাজার ১৪৭ জনের সফল সাক্ষাৎকার নেওয়া হয়।
ভোটদানে আগ্রহ ও গণভোট বিষয়ে মতামত
জরিপে অংশ নেওয়া ৯৩.৩ শতাংশ উত্তরদাতা জানান, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। গণভোট প্রসঙ্গে প্রায় ৬০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিলেও ২২ শতাংশ এ বিষয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন।
নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা
নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ৭২.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে—যা আগের রাউন্ডের তুলনায় বেশি। পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আস্থা বেড়ে দাঁড়িয়েছে ৭৪.৪ শতাংশে। ভোটকেন্দ্রের নিরাপত্তা বিষয়ে ইতিবাচক ধারণা পোষণ করেছেন ৮২ শতাংশ উত্তরদাতা।
এলাকাভিত্তিক সম্ভাব্য বিজয়ী
আগামীকাল নির্বাচন হলে নিজ এলাকায় কোন দলের প্রার্থী জয়ী হতে পারেন—এ প্রশ্নে ৫২.৯ শতাংশ উত্তরদাতা বিএনপির প্রার্থীর নাম উল্লেখ করেন। ২৩.৮ শতাংশ এ বিষয়ে অনিশ্চিত। আগের রাউন্ডের তুলনায় বিএনপিকে সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখের হার বেড়েছে ৭.৫ শতাংশ।
ভোটারদের সিদ্ধান্ত ও পছন্দ
জরিপে দেখা যায়, ৭৪.২ শতাংশ ভোটার ইতোমধ্যে কাকে ভোট দেবেন সে সিদ্ধান্ত নিয়েছেন—যা আগের রাউন্ডগুলোর তুলনায় বেশি। তবে নারী উত্তরদাতাদের মধ্যে ৬৯.৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন। ভোট পছন্দের ক্ষেত্রে বিএনপি তাদের মূল সমর্থন ধরে রেখেছে।
আওয়ামী লীগের ভোট বণ্টন
আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ৩২.৯ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন। ১৩.২ শতাংশ জামায়াতকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন। আর ৪১.৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।
সম্ভাব্য ভোট বণ্টন
যারা ভোট পছন্দ জানিয়েছেন, তাদের হিসাবে বিএনপি ও তাদের জোট পেতে পারে ৫২.৮ শতাংশ ভোট। জামায়াত ও তাদের জোট পেতে পারে ৩১ শতাংশ ভোট। ১৩.২ শতাংশ উত্তরদাতা এখনো ভোট পছন্দ প্রকাশ করেননি।
বিশ্লেষণ
জরিপে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক সিদ্ধান্তহীন ভোটার বিএনপির দিকে ঝুঁকেছেন। তবে ভোটব্যাংকে এখনও অস্থিরতা রয়েছে এবং প্রচারণার ধরন অনুযায়ী দলগুলোর ব্যবধান কমে আসতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, Voices for Reform-এর যুগ্ম আহ্বায়ক ফাহিমা খাতুন, BRAIN-এর নির্বাহী পরিচালক শফিকুল রহমান, রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান এবং ইনোভেশন কনসাল্টিংয়ের পোর্টফোলিও ডিরেক্টর তাসমিয়া রহমান।
prothomnews24/moha



